আট ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
লাকসাম জংশনের লোকোশেড ইনচার্জ কাজী মিজানুর রহমান জানান, শুক্রবার বিকাল ৪টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগি সরানোর পর ট্রেন চলাচল আবার শুরু হয়।
সকাল পৌনে ৯টার দিকে লাকসাম ও আলিশহর স্টেশনের মাঝামাঝি স্থানে কন্টেইনারবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরানোর কাজ শুরু করে।
বৃষ্টির কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে বলে জানান তিনি।
কাজী মিজানুর রহমান আরও জানান, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো দুর্ঘটনার আগেই ওই এলাকা অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে চলে যেতে পেরেছে।
পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি কন্টেইনার নিয়ে ঢাকা যাচ্ছিল। লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।
এরপর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
