লালমনিরহাটে হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার
লালমনিরহাট সদর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার হেরোইনসহ এক নারী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তিস্তা এলাকার কসাইটারী গ্রামে শহিদার রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- বিউটি বেগম (৫০) ও তার ছেলে শাহিনুর রহমান মানিক (২০)। পুলিশ আসার খবর পেয়ে আগেই পালিয়ে যান বিউটির স্বামী শহিদার।
মোজাহিদুল ইসলাম বলেন, “মা-ছেলের কাছে আনুমানিক প্রায় দেড় লাখ টাকা দামের হেরোইনের ১২টি পুড়িয়া পাওয়া যায় এবং মাদক বিক্রির লক্ষাধিক টাকা জব্দ করা হয়।”
পুলিশ সুপার জানান, শহিদার তার পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
