প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়েন্ডি শেরমানের সাক্ষাৎ
জঙ্গিবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে অংশ নিতে ঢাকায় আসা শেরমান বৃহস্পতিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তার আলোচনায় সাম্প্রতিক সিটি করপোরেশনের নির্বাচনের প্রসঙ্গটিও আসে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্যের রহস্যটা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি (শেরমান)।”
প্রধানমন্ত্রী বলেছেন, “জঙ্গিদের আমরা জঙ্গি হিসেবেই দেখি। তাদের কোনো ধর্ম নেই, সীমান্ত নেই।”
সন্ত্রাস ও জঙ্গিবাদের রাশ টানতে বিশ্বজুড়ে অস্ত্র পাচার বন্ধে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোনো ধরনের জঙ্গি, সন্ত্রাসবাদী কার্যক্রম চলতে দেওয়া হবে না।
বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে সাফল্য এবং সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা ওয়েন্ডি শেরমান করেন বলে প্রেস সচিব জানান।
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোর পরিবেশের উন্নতির চিত্র চোখে পড়ার কথাও জানান যুক্তরাষ্ট্রের মন্ত্রী।
শেখ হাসিনা বাংলাদেশের শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের জীবন-মান ও পোশাক খাতের পরিবেশ আরও উন্নত করতে পণ্যের দর বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রেসসচিব বলেন, “সিটি নির্বাচনের বিষয়ে শেরমান বলেছেন, যুক্তরাষ্ট্রেও নির্বাচনে কিছু কিছু ঘটনা ঘটে। কিন্তু তাদের দেশে সরকারের লক্ষ্য থাকে পরবর্তী নির্বাচন আরও ভালো করার। বাংলাদেশও নির্বাচন ব্যবস্থা উন্নতির জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।”
যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছেন, ১৯৭৫ সালের পর থেকে নির্বাচনী ব্যবস্থায় যে ধরনের কারচুপির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, বাংলাদেশ বর্তমানে তার থেকে অনেক দূরে চলে এসেছে।
কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই সিটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে নির্বাচনে স্বচ্ছতা বাড়ানোর জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু করার প্রয়োজনীয়তারও ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় নেপালের ভূমিকম্পের প্রসঙ্গ উঠলে শারমেন দুর্যোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক প্রস্তুতির ওপর জোর দেন। এ সময় প্রধানমন্ত্রী নেপালে সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের উত্তরাঞ্চলের সৈয়দপুর এয়ারপোর্ট ব্যবহারের প্রস্তুতির কথা তাকে জানান।
তাদের বৈঠকের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
