নতুন মেয়রদের নজরে রাখবে ‘সহস্র নাগরিক কমিটি’
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যাদের সমর্থন দিয়েছিল, মেয়র হিসেবে তাদের কার্যক্রমও নজরে রাখার কথা জানিয়েছে সহস্র নাগরিক কমিটি।
নির্বাচনের দুদিন পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাগরিক এই কমিটি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে।
কমিটির সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “সহস্র নাগরিক কমিটি সমর্থিত তিন সিটির মেয়ররা তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু করছেন, তা পর্যবেক্ষণ করবে। সেই সঙ্গে প্রতিশ্রুতি থেকে কতটুকু বিচ্যুতি হয়েছে, তা নিয়ে সমালোচনার জন্য আবার সাংবাদিকদের সামনে আসবে।”
বিএনপি সমর্থক পেশাজীবীদের পক্ষ থেকে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ ব্যানারে সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণার পাল্টায় সহস্র নাগরিক কমিটি গঠনের মাধ্যমে সমর্থন দেওয়া হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের।
সহস্র নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তরে আনিসুল হক, ঢাকা দক্ষিণে সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন ভোটে বিজয়ী হয়েছেন।
বিএনপি মঙ্গলবার ভোটগ্রহণের মাঝ পর্যায়ে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তারা ফল বাতিল করে পুনঃভোটের দাবিও জানিয়েছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি বুলবুল নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন।
সেই সঙ্গে ভোটের দিন পেশাগত দায়িত্ব পালনের সময় যে সব সাংবাদিক হামলা ও বাধার সম্মুখীন হয়েছেন, তা খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন তিনি।
সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ শামসুল হক ভোট বর্জনকারী বিএনপির কাছে আরও ‘রাজনৈতিক দায়িত্বশীলতা’ আশা করার কথা জানান।
“বিএনপি যদি মাঠে থাকত, সত্যিকার অর্থে বিজয়ের আশা করতে পারত। কিন্তু বিএনপি রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে।”
সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপচার্য অধ্যাপক কামরুল হাসান খান বলেন, “এমন কি যুক্তি ছিল যে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াল। তারা অনেক ভোট পেয়েছে, তারা থাকলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারত।”
কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুছ বলেন, “বিএনপি নেতৃবৃন্দ যখন অনুভব করলেন যে, সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের অনেকেই দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের বিজয়ী হবার আর কোনো সম্ভাবনা নেই, তখনই তারা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন।”
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহিন, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদের গামা, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু উপস্থিত ছিলেন।
