যশোরের কৃষি শ্রমিক বেচাকেনার হাট
যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে প্রতিদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বসে অন্যরকম এক বাজার। এখানে কেউ আসে কৃষিকাজের জন্য শ্রমিক কিনতে, আর কেউ আসে নিজের শ্রম বিক্রি করতে।
প্রতিবছর ধান কাটা, মাড়াই ও রোপনের সময় এখানে বসে কৃষি শ্রমিকদের এই হাট। চলে পুরো ধানের মৌসুমজুড়ে।
সাধারণত সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে এখানে কৃষি শ্রমিকরা আসেন।
স্থানীয়ভাবে শ্রমিকদের এই বাজার ‘দখিনের জোন’ নামে পরিচিত।
এ বাজারে আসে কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সের দিনমজুর। সবার লক্ষ্য এক। কোনো ক্রেতা পেলে দর কষাকষি করে কাজ জুটিয়ে নেওয়া।
এখানকার দিনমজুররা পারিশ্রমিক বাবদ প্রতিবিঘা জমির ধান কাটা, মাড়াইসহ যাবতীয় কাজের জন্য পান দুই হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত।
ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও যদি কাজ না জোটে তাহলে ফিরে যেতে হয়। পরদিন আবার আসে।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে এই উপজেলায় ২১ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের ভয় থাকায় অল্প সময়ের মধ্যে মাঠ থেকে ধান তোলায় ব্যস্ত এখানকার জমি মালিকরা।
একই সঙ্গে সবাই ধান তোলা শুরু করায় উপজেলার সর্বত্র কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। বাইরের শ্রমিকরা আসায় সেই অভাব অনেকটা পূরণ হচ্ছে বলে জানান হীরক।
শার্শার টেংরা গ্রামের আনোয়ার হোসেন দশ বিঘা জমিতে ইরি ও বোরো ধান আবাদ করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন ঝড়বৃষ্টি হচ্ছে, তাই ধান তোলা নিয়ে বেশ ঝামেলায় আছি। শ্যামনগরের শওকত আলির পাঁচ সদস্যের একটি দলকে ধান কাটার জন্য বাজার থেকে নিয়ে এসেছি।”
শ্যামনগর উপজেলার উল্টোপুর গ্রাম থেকে আসা শ্রমিক আব্দুর রাজ্জাক বলেন, “ছয় জনের একটি দল নিয়ে দুদিন ধরে এখেনে আছি। দরদামে বনিবনা না হওয়ায় কাজে যাইনি।
“মহাজনরা তিন বেলা খাওয়াসহ প্রতিবিঘা জমির ধান কাটা, মাড়াইসহ যাবতীয় কাজের জন্য দিতে চায় দুই হাজার টাকা, আমরা চাই আড়াইহাজার টাকা।”
কালিগঞ্জের রতনপুর গ্রামের দশ জনের দলনেতা হাসান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাজ করতি হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। পরিশ্রমের তুলনায় এ মজুরি খুবই কম। তবু অন্য কোনো উপায় না থাকায় আমরা এ কাজ করতিছি।”
শ্যামনগরের টেংরাখালী গ্রামের আব্দুল হক বলেন, “অন্যবারের চেইতে এবার কাজ কম। কাজের চেইতে বাজারে জোন (শ্রমিক) বেশি থাকায় আমাদের চাইদা কম। প্রতিদিন সবার কাজ জোটা কঠিন।”
এভাবেই চলে শার্শার নাভারনের প্রতিদিনের এই শ্রম বাজার। শ্রমবাজারের কোনো নিয়ন্ত্রক নেই। প্রতিদিন এই বাজার থেকে অন্তত পাঁচ শতাধিক শ্রমিক বেচাকেনা হয়ে থাকে বলে জানান স্থানীয়রা।
শ্রমিক নিতে আসা বেনাপোলের বাহাদুরপুর গ্রামের মহসিন আলি বলেন, একযোগে সবার ধান কাটা শুরু করেছে, স্থানীয় শ্রমিকরা প্রতিবিঘা মজুরি নিচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। তাই ধান কাটার জন্যই শ্রমিক নিতে এসেছেন তিনি।
এই বাজারে একসঙ্গে অনেক শ্রমিক পাওয়া যায়। তাদের শ্রমের মূল্যও তুলনামূলক ভাবে কম বলে জানান মহসিন আলি।
