ভোটে হামলার মামলা না নেওয়ার অভিযোগ
নিজের মেয়ে এবং পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক কাউন্সিলর প্রার্থী।
১৬ নাম্বার ওয়ার্ডে (কলাবাগান এলাকা) বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাদেকুর রহমান টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটের দিন মঙ্গলবার ৭টার দিকে তার মেয়েসহ কয়েকজন পোলিং এজেন্ট কলাবাগান খান হোসেন স্কুল ভোটকেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন।
“ছাত্রলীগ-যুবলীগের ৮/১০ যুবক আমার মেয়েসহ অন্য পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেয়। আমার মেয়ে তার প্রতিবাদ করায় তারা আমার মেয়েকে মারে, পোলিং এজেন্টদের কার্ড ছিড়ে ফেলে।”
ভোটের পর সন্ধ্যায় কাঁঠাল বাগানে তার কার্যালয় ভাংচুরও হয় বলে জানান টুটুল।
তিনি বলেন, “থানায় মামলা করতে গিয়েছিলেন গতকাল, আজও গেছি। ওসি আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি দেখবেন, কিন্তু মামলা নেননি।”
তবে কলাবাগান থানার ওসি মো. ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের কাছে এ রকম অভিযোগ নিয়েও কেউ আসেনি।”
