২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-আনসার সংঘর্ষে যানজট

পুলিশ সদস্যদের সঙ্গে অঙ্গীভূত আনসার সদস্যদের সংঘর্ষে বুধবার বিকালে যানজট লেগেছিল রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 12:11 PM

ভোটে দায়িত্ব পালন করা অঙ্গীভূত আনসার সদস্যরা পাওনা টাকা নিয়ে ক্ষোভ জানিয়ে সড়কে নেমে এলে পুলিশের সঙ্গে তাদের সংঘাত বাঁধে।  

এই ঘটনার পর দুজন আনসার সদস্যের মৃত্যুর গুঞ্জন ছড়ালেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি।

দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার সদস্যরা তাদের পাওনা টাকার জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধের জড়ো হয়েছিলেন। তাদের কম টাকা দেওয়া হচ্ছে অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন তারা।

“পুলিশ সরে যেতে বললে তারা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশ বেশ কয়েক রাউন্ড রবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় তাদের।”

তবে মৃত্যুর খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে ওসি বলেন, ৩/৪জন আহত হয়ে থাকতে পারে।

এদিকে আনসার সদস্যরা অভিযোগ করছেন, সিটি ভোটে চার দিনের দায়িত্বপালন শেষে তাদরে কমান্ডার পাওয়ার কথা ১৭৫০ টাকা এবং সাধারণ সদস্যের পাওয়ার কথা ১৬৮০ টাকা। কিন্তু তাদের নির্ধারিত পরিমাণ টাকা দেওয়া হচ্ছিল না।

আনসার সদস্যরা সড়কে নেমে এলে পুলিশ হটিয়ে দিতে চাইলে প্রায় এক ঘণ্টা ঘরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে বলে স্থানীয়রা জানান।

খবর শুনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ আনসার সদস্যদরে বুঝিয়ে শান্ত করেন। পরে সংসদ সদস্যের উপস্থিতিতে আনসার সদস্যদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে ওই গণ্ডগোলের পর রাত ১০টা পর্যন্ত মাজার রোডে যানজট লেগে ছিল।