২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের মুখে মৌয়াল, ফিরলেন প্রাণ নিয়ে

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ নিয়ে ফিরেছেন বৃদ্ধ মৌয়াল আবুল হাসেম মোল্লা (৬০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শিয়ালী নদীর বাদামতলা খাল এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসেম মোল্লা শরণখোলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের প্রয়াত দলিল উদ্দিন মোল্লার ছেলে।

হাসেমের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৯ এপ্রিল তারা আট মৌয়াল বন বিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণে যান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সুন্দরবনের বাদামতলা খালের পাশে বনের ভেতর তারা আলাদা আলাদাভাবে ভাগ হয়ে মধু আহরণ করতে থাকেন।

এক পর্যায়ে তাদের সঙ্গী হাসেমকে বাঘে আক্রমণ করে।

কুদ্দুস বলেন, “প্রায় দুই মিনিট ধরে বাঘের সঙ্গে হাসেমের ধস্তাধস্তি চলে। ওই সময় ওর ডাক চিৎকার শুনতে পেয়ে আমরা দ্রুত ছুটে এসে ওই দৃশ্য দেখে বাঘের কাছে না গিয়ে নৌকায় থাকা হাড়ি ও থালা বাজিয়ে শব্দ করতে থাকি।”

শব্দ পেয়ে বাঘটি হাসেমেকে ফেলে রেখে বনের গহীনে চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সুন্দরবনের কোকিলমনি এলাকায় কোস্ট গার্ড কন্টিনজেন্টে নিয়ে যান।

সেখানে চিকিৎসা দিয়ে নৌকাযোগে নেওয়া হয় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং এরপর খুলান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান আব্দুল কুদ্দুস।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঘে হাসেমের ডান হাতের কনুইয়ের উপরের মাংসপেশি ছিঁড়ে নিয়েছে। তার বাম হাতেও আঁচড় লেগেছে।

তিনি বলেন, মৌয়াল হাসেমের উপর বাঘের আক্রমণটা ব্যতিক্রম। বাঘ সাধারণত আক্রমণ করে গলা বা মাথায়। কিন্তু এই বাঘটি তা না করে প্রথমেই তার ডান হাতে কামড় দিয়েছে, যার কারণে হাসেম ডাক-চিৎকার করার সুযোগ পেয়েছেন।

হাসেমের সঙ্গে থাকা মৌয়ালরা থালা ও হাড়ি বাজিয়ে শব্দ করায় বাঘটি তাকে ছেড়ে দিয়ে বনের ভেতর চলে যাওয়ায় এযাত্রা তিনি প্রাণে বেঁচে যান, বলেন কামাল।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অসীম কুমার মজুমদার জানান, আবুল হাসেমের ডান হাতে কনুয়ের উপরের মাংসপেশি ছিঁড়ে নেওয়ায় বড় ক্ষত তৈরি হয়েছে। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।