নেত্রকোণায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
নেত্রকোণার পূর্বধলায় এক ব্যক্তিকে হত্যার ১০ বছর পর এক নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ বুধবার এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- পূর্বধলা উপজেলার খলিশাপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল হামিদ (৪০), উজ্জ্বল মিয়া (২৩), হেলাল মিয়া (৪০), রব্বানী (৪৫) ও রেহানা বেগম ওরফে রীনা বেগম (৪৭)।
এদের মধ্যে উজ্জ্বল ও রব্বানি ছাড়া বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদির ভূইয়া।
এছাড়া আরও তিন নারীকে বিচারক এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
এরা হলেন- পাবই গ্রামের রাশিদা বেগম (৩০), রওশন বেগম (২৮) ও নাদিয়া বেগম (৩০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচারক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। তা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর করে সাজা খাটতে হবে।
এছাড়া এক বছর কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলার পরদিন নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে পূর্বধলা থানায় এ মামলা করেন।
পুলিশ অভিযোগের তদন্ত করে ওই বছরের ২৬ জুন আট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
