মোহাম্মদপুরে বিস্ফোরণে দুজন আহত, হাতবোমা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে এক বাড়িতে হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। ওই বাসা থেকে ১১টি ককটেল উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, বুধবার দুপুরে ঢাকা উদ্যানের ৪ নম্বর রোডের একটি বাড়ির চতুর্থ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ওই বাসার ভাড়াটিয়া আনোয়ারুল ইসলাম ও নুরু নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাসায় তল্লাশি চালিয়ে ১১টি ‘ককটেল’ উদ্ধার করা হয় বলে জানান ওসি।
আনোয়ার ও নুরু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ বাড়ির মালিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান ওসি।
