কুষ্টিয়ায় সেচ পাম্প থেকে আগুনে বাবা-ছেলের মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেচ পাম্পের মটরে আগুন ধরে তাতে দগ্ধ হয়ে এক কৃষক ও তার স্কুলপড়ুয়া ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার রাত দেড়টার দিকে মথুরাপুর ইউনিয়নের মশাউড়া ত্রিমোহনী পাড়ার পাশে উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে বলে মুথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান।
নিহতরা হলেন- নিয়ামত আলী (৬০) ও তার ছেলে সোহাগ (১১)।
সোহাগ মশাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চ শ্রেণির ছাত্র ছিলেন। তাদের বাড়ি ত্রিমোহনী পাড়ায়।
স্বজনদের বরাত দিয়ে এএসআই রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সেচ পাম্পের ঘরেই ঘুমিয়ে ছিলেন বাবা-ছেলে। মধ্যরাতে চলন্ত অবস্থায় পাম্পের মটরে আগুন ধরে গেলে তারা দুজনই দগ্ধ হয়ে মারা যান।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ২০ বছর আগে স্থাপন করা সেচ পাম্পের মটরটির বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ পুরাতন হওয়ায় তাতে আগুন ধরে যায়।
এদিকে মধ্যরাতেই কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের দক্ষিণ রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
পোড়াদহ জিআরপি থানার ওসি এনামূল হক জানান, শনিবার মধ্যরাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।
“সীমান্ত এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে,” বলেন তিনি।
নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর, তবে তার পরিচয় জানা যায়নি।
রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
