ভোটারদের সঙ্গে ছলচাতুরি করছেন মনজুর: নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলম আবার নির্বাচিত হলে সরকারি সহায়তা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে সরকার দলসমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন বলেছে, সাবেক মেয়র এখন ছলচাতুরি করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ এলাকায় গণসংযোগের সময় বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
নাছির বলেন, “মনজুর আলম নিজেই ভোটারদের বলছেন, সরকারি সহায়তা না পাওয়ায় তিনি জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতাসহ কোনো উন্নয়ন করতে পারেননি।
“এখন প্রশ্ন হচ্ছে, যে সরকারের সহায়তা তিনি পাননি সে সরকার তো আরও প্রায় চার বছর ক্ষমতায় থাকবে। তাহলে মনজুর আলম আবারও মেয়র হলে সরকারি সহায়তার নিশ্চয়তা কি? আর সরকারের সহায়তা না পেলে তিনি নগরীর উন্নয়ন করবেন কীভাবে?”
“এসব তার ছলচাতুরি ছাড়া কিছুই নয়। এভাবে ভোটারদের বিভ্রান্ত করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন।”
নতুন মেয়র সক্ষম ও যোগ্য না হলে চট্টগ্রামের উন্নয়ন কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন নাছির।
“তাই আশা করব, সচেতন ও যোগ্য ভোটার হিসেবে এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন। বিষয়টি আপনাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।“
এদিকে সকালে নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনির পর সরকারি কার্যভবন-১ এ গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে ভোট চান নাছির।
এরপর তিনি যান নগরীর কাস্টমস হাউজে। সেখানে নাছির কর্মী সমর্থকের নিয়ে প্রবেশের সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে কলহে জড়িয়ে পড়েন।
পরে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। শ’খানেক নেতাকর্মী-সমর্থক নিয়ে কাস্টমস হাউজে প্রচারণা চালান নাছির।
এছাড়া বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ভবন, আগ্রাবাদ হাজী পাড়া, দাইয়া পাড়া, গুলবাগ, শান্তিবাগ, হালিশহর হাউজিং এস্টেটের কে ও এল ব্লকে গণসংযোগ করেন নাছির।
গণসংযোগের সময় নাছিরের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাংগঠিনক সম্পাদক বদিউল আলম ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন।
