২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের প্রচারণার ট্রাক ভাংচুর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের মেয়রপ্রার্থী এম মনজুর আলমের প্রচারণায় ব্যবহৃত ট্রাক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 07:12 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর পলিটেকনিক ইন্সটিটিউট এলাকায় প্রচারণা শেষে ট্রাকটি ফেরার সময় সরকারদলীয় সমর্থকরা হামলা চালায় বলে মনজুরের অভিযোগ।

বৃহস্পতিবার বিকালে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “যে ট্রাকে করে আমি গণসংযোগ করেছি, সেটির সামনের কাচ ভেঙে দেওয়া হয়েছে। মাইক কেড়ে নিয়ে গেছে। গাড়িতে থাকা কয়েকজন কর্মী ও চালককে মেরে আহত করেছে।”

মনজুরের প্রচারের মিডিয়া কমিটির সদস্য জীবন মুছা জানান, সকাল থেকে মনজুর আলম অক্সিজেন মোড়সহ আশেপাশের এলাকায় ওই ট্রাকে করে গণসংযোগ করেন। দুপুর ১টার দিকে ট্রাক থেকে নেমে তিনি নিজের গাড়িতে ওঠেন।

“এরপর ট্রাকটি ৮-১০জন সমর্থককে নিয়ে পলিটেকনিক হয়ে যাওয়ার সময় ১০-১৫ জন হামলা চালায়।”

মনজুরের ট্রাকে হামলার বিষয়ে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হবে।”

নির্বাচনী প্রচারণা শুরুর পর পলিটেকনিক এলাকায় বেশ কয়েকবার বিএনপি সমর্থিত প্রাথীর পক্ষের লোকজনের ওপর হামলা এবং প্রচারণা চালাতে না দেওয়ার অভিযোগ এসেছে।

পলিটেকনিকের কাছে বায়েজিদ থানার জালালাবাদ ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থীর ক্যাম্পও ভাংচুর করা হয়।

মনজুরের প্রচারে অলি আহমদ

কমলা লেবু প্রতীকের প্রার্থী মনজুরের পক্ষে প্রচারে নেমেছেন এলডিপি চেয়ারম্যান ও ২০ দলীয় জোটনেতা অলি আহমদ।

বৃহস্পতিবার নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগে মনজুরের সঙ্গে যোগ দেন চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য অলি।

এর আগে বুধবার মনজুরের পক্ষে প্রচারণায় নামেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুরের  পক্ষে ভোট চেয়ে বলেন, “দেশ আজ রসাতলে গেছে। খুন-গুম ও দুর্নীতি-দুঃশাসনে মানুষের জীবনে নাভিঃশ্বাস উঠেছে। ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনজুর আলমকে বিজয়ী করার মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন আন্দোলনের নতুন অধ্যায় শুরু হবে।”

পাঁচলাইশ ওয়ার্ডে জনসংযোগ শেষে আতুরার ডিপো, জাংগাল পাড়া, হাজি পাড়া, চালিতাতলী, ওয়াজেদিয়া মাদ্রাসা এলাকা, নয়া হাট, অনন্যা আবাসিক এলাকা ও কুয়াইশ রোডে প্রচার চালান মনজুর।