২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

নীলফামারীর ডিমলায় এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 06:56 PM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বুধবার ডিমলা জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে ডিমলার রামডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৮) ও তার সহযোগীরা অপহরণ করে বলে থানায় অভিযোগ করা হয়।

মেয়েটির বাবা অভিযোগ করেন, তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত জাহাঙ্গীর।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে তার মেয়েকে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ডিমলা থানার ওসি রহুল আমিন খান বলেন, মেয়ের বাবা এ বিষয়ে ছয় জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ থানায় এনেছিলেন। কিন্তু অভিযোগে কিছু ত্রুটি থাকায় সংশোধন করতে গেছেন।

অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।