কুড়িগ্রাম পলিটেকনিকে হামলায় ছাত্রলীগকর্মী আহত
পূর্ব বিরোধের জেরে কুড়িগ্রাম পলিটেকনিকেল ইনস্টিটিউটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের পাঁচ কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন রাশেদুল ইসলাম রাসেল (২৩), রঞ্জু মিয়া (২০) ও আনন্দ বসুনিয়া (২২)।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত রাশেদুল ইসলাম রাসেল জানান, বুধবার ক্যাম্পাসে তাদের এক সহপাঠিনীকে হিমেল, শাওন, কর্নেল ও সাগর উত্ত্যক্ত করে।
রাসেলসহ সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান।
তিনি জানান, এর জেরে বৃহস্পতিবার বেলা ১টার দিকে কর্নেল ও লিংকন ক্যাম্পাস থেকে রাসেলকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনের নেতৃত্বে ২০/২৫ জন তাকে মারধর করে।
ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন রঞ্জু মিয়া, আনন্দ বসুনিয়া, আকাশ ও রিয়াদ।
পরে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে রাসেল জানান।
কুড়িগ্রাম সদর থানার ওসি মুর্শেদুল করিম মোহাম্মদ ইস্তেসাম জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুরন্নবী সাগর অভিযোগ করেন, কেন্দ্র কমিটি কর্তৃক বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ কুড়িগ্রাম পলিটেকনিকেল ইনস্টিটিউট ছাত্রলীগের পাঁচ কর্মীকে বেধরক মারপিট করে।
এ সময় মোমিন, সাগর ও কর্নেলের হাতে রিভালভার ছিল। তাই ভয়ে কেউ প্রতিরোধ গড়তে পারেনি।
মোমিন একাধিক সন্ত্রাসী মামলার আসামি বলে দাবি করেন সাগর।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, সন্ত্রাসী যে-ই হোক তাদের স্থান ছাত্রলীগে হবে না।
