নেত্রকোণায় হত্যার দায়ে ২ নারীর যাবজ্জীবন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আব্দুল হামিদ এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কমলেশ কুমার চৌধুরী জানান।
দণ্ডিতরা হলেন কেন্দুয়ার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রেজিয়া খাতুন (৫০) ও হারুনা আক্তার (২০)।
অ্যাডভোকেট কমলেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে ১৬ সেপ্টেম্বর রামচন্দ্রপুর গ্রামের মিনা আক্তারের (৩৫) সঙ্গে রেজিয়া ও হারুনার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে হারুনা কাঠের পিঁড়ি দিয়ে মিনার মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হন মিনা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার এক সপ্তাহ পর ২২ সেপ্টেম্বর নিহতের ছেলে হলুদ মিয়া বাদী হয়ে তিন জনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।
এ দুই নারীর নামে পুরিশ ২০০৮ সালের ২৪ অগাস্ট অভিযোগপত্র দেয়।
