২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট চাওয়ার অধিকার খালেদা জিয়ার নেই’

হরতাল-অবরোধে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার মতো নাশকতামূলক ঘটনাগুলোর জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে সিটি নির্বাচনে ভোট চাওয়া বন্ধের আহ্বান জানিয়ে তার বাসার কাছে গুলশানে বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী প্রচারের মধ্যে গুলশান দুই নম্বর গোল চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও অবরোধে নিহত-আহতদের স্বজন’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সরকারদলীয় সংসদ সদস্য, অভিনেত্রী তারানা হালিম বলেন, “আমরা কি ভুলে গেছি যে কিছুদিন আগে ঢাকার বাতাস ভারী ছিল পোড়া গন্ধে?

“খালেদা জিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে এখানে দাঁড়িয়েছি যে, এ ধরনের নেতিবাচক রাজনীতি বন্ধ করুন। মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ভোটের প্রচারণা চালাবেন না।”

মানববন্ধনে বিএনপি জোটের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রশ্ন তোলা হয়, বাস পুড়িয়ে এখন শ্রমিক ও জনতার কাছে খালেদা জিয়া বাস মার্কায় ভোট চান কিভাবে?

অবরোধে নাশকতায় অগ্নিদ্বগ্ধ মো. শফিকুলের বাবা মো. আলাউদ্দিন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, “মানুষ পুড়ায়ে এখন আবার তারা নির্বাচনে দাঁড়াইছে! ভবিষ্যতে এ ধরনের ক্ষতি যেন আর না হয়, এটাই আমাদের চাওয়া।”

অবরোধে বাসে পেট্রোল বোমা হামলার শিকার সালাউদ্দিনের স্ত্রী উর্মি বলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছে তার স্বামী।

“এই কষ্ট ভাষায় বলা যায় না। আমার অনুরোধ, যেন হরতাল-অবরোধ বন্ধ হয়। এ ধরনের অমানবিক কাজ যেন আর না হয়।”