বর্ষবরণে যৌন নিপীড়ন: ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচি
বর্ষবরণের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যৌন নিপীড়নের সঙ্গে জড়িতদের শাস্তি ও দায়িত্ব পালনে ব্যর্থদের অপসারণে সাত দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক।
গত ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে টিএসসি এলাকায় মানুষের ভিড়ের মধ্যে উৎসবে আসা নারীদের যৌন হয়রানিতে জড়িত কাউকে পুলিশ চিহ্নিত করতে না পারার মধ্যে নতুন কর্মসূচি দিল সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় প্রক্টরের অপসারণ, দায়িত্বে অবহেলাকারী পুলিশদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং যৌন সন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
তারেক বলেন, “প্রতিবাদী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি দোষীদের বিচার করার আশ্বাস দেন। কিন্তু পরেই আবার গণমাধ্যমে বলেন, কাঙ্ক্ষিত ফু্টেজ না পাওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাদের এধরনের অবস্থানকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে, প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের ধারণা এই ঘটনায় জড়িতরা চিহ্নিত হলে বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ন হবে, পহেলা বৈশাখ প্রশ্নবিদ্ধ হবে। এমন চিন্তা দিয়ে অন্যায়ের প্রতিকার সম্ভব নয়।”
ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল, ২৪ এপ্রিল একই স্থানে প্রতিবাদী সাহিত্য সমাবেশ, পরদিন ঘটনাস্থলে মতবিনিময় সভা।
২৬ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বর্জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও দিয়েছে তারা।
এছাড়া ২৭, ২৮ ও ২৯ এপ্রিল যৌন নিপীড়ন বিরোধী প্রচার এবং ৩০ এপ্রিল জেলা পর্যায়ে ছাত্র গণ-সমাবেশ করবে ছাত্র ইউনিয়ন।
