চট্টগ্রামের খুলশী থানার ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর আদেশ
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে সরানোর আদেশ দিয়ে নগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে রিটার্নিং কর্মকর্তা।
ওই এলাকায় সরকারদলীয় কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করা এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থীর ওপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠার পর বুধবার রাতে এ আদেশ দেওয়া হল।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলশী থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি।”
তিনি বলেন, একই সঙ্গে একজন দক্ষ, সৎ ও নিরপেক্ষ অফিসারকে ওই দায়িত্বে দেওয়ার জন্যও বলা হয়েছে। খুলশী থানার ওই পুলিশ কর্মকর্তাকে কোনো প্রকার নির্বাচনী কাজে নিয়োগ না দিতেও নির্দেশ দেওয়া হয়।
বিভিন্ন কাজের জন্য বিতর্কের মুখে থাকা খুলশী থানার এই ওসিকে সাম্প্রতিক সময়ে সিটি নির্বাচনেও বিতর্কিত ভূমিকায় দেখা গেছে।
গত ১৬ এপ্রিল সকালে নগরীর খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলি ওয়ার্ডের ওয়ারলেস এলাকায় প্রচারণা চালাতে গেলে জামায়াতসমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. মাহফুজুল আলমের স্ত্রী খায়রুল জান্নাতের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী মো. হোসেন হিরনের অনুসারীরা হামলা করে।
এ ঘটনায় ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন খায়রুল জান্নাত। অভিযোগ নিতে বিলম্ব করা হয় জানিয়ে ১৬ এপ্রিল বিকালে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন খায়রুল জান্নাত।
ওই অভিযোগ দেওয়ার পর ওই রাতেই নগরীর পশ্চিম খুলশীর বাসভবনে আবারও হিরন অনুসারীরা হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৬ এপ্রিল অভিযোগ পাওয়ার পর রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন খুলশী থানার ওসিকে ফোন করে এবং লিখিতভাবে এ ঘটনায় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন।
