ভোটের আগে চট্টগ্রামে বিলবোর্ডসহ ৯০টি বিজ্ঞাপন অপসারণ
রিটার্নিং কর্মকর্তার নির্দেশে চট্টগ্রাম নগরীর কয়েকটি এলাকা থেকে বিলবোর্ডসহ মোট ৯০টি বিজ্ঞাপন প্রদর্শনী অপসারণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে কাজীর দেউড়ি মোড়, স্টেডিয়াম পাড়া ও নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।
নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতেই রিটার্নিং কর্মকর্তা চিঠি দিয়ে এসব অপসারণের নির্দেশ দিয়েছেন। ২৪ তারিখের মধ্যে ফল ঘোষণার কেন্দ্র জিমনেসিয়াম, সংলগ্ন স্টেডিয়াম এলাকা এবং নির্বাচন কমিশন কার্যালয়ের আশপাশের এলাকা পরিচ্ছন্ন করতে বলা হয়েছে।
“দেশি-বিদেশি নির্বাচনী পর্যবেক্ষক ও সাংবাদিকরা ২৮ এপ্রিল ভোট গ্রহণ উপলক্ষে এই এলাকায় আসবেন। এ কারণেই এ নির্দেশ দেওয়া হয়েছে।”
বুধবারের অভিযানে ৭০টি মেগাসাইন, আটটি ইউনিপোল ও ১২টি বিলবোর্ড অপসারণ করা হয় বলে তিনি জানান। অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।
সিসিসির হিসাব অনুযায়ী, নগরীতে মোট ৬ হাজার ৪৮৫টি বিলবোর্ড রয়েছে তার মধ্যে সিসিসির হিসেবে অবৈধ রয়েছে ৪২২টি।
গত বছরের নভেম্বরে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলের উদ্যোগে অবৈধ বিলবোর্ড অপসারণে যৌথ অভিযান শুরু করে সিসিসি ও সিএমপি।
গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলা ওই অভিযানে মোট ৬৮টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
