২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে চট্টগ্রামে বিশ্বস্ত প্রতিনিধি চান প্রধানমন্ত্রী: নাছির

চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে একজন ‘বিশ্বস্ত প্রতিনিধি’ চান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার বিকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় নাছির এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ ‍হাতে নিয়েছেন। নগরবাসীর কাছে তিনি শুধু চাইছেন তার একজন বিশ্বস্ত প্রতিনিধি। সে যোগ্যতায় শীর্ষে রয়েছি বলে চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে আমাকে সমর্থন দিয়েছেন তিনি।

“নগরবাসী যদি তার আকাঙ্ক্ষা পূরণ করেন, তাহলে তিনি উন্নয়নের ডালা নগরবাসীর হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবেন না।”

আ জ ম নাছির বলেন, “আমি মেয়র হলে সকল প্রকার বৈষম্যের প্রাচীর ভেঙে সমতার ভিত্তিতে সকল ওয়ার্ডের উন্নয়ন করব। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাসহ উন্নয়নের মাধ্যমে আমি চট্টগ্রামকে সত্যিকারের মেগাসিটিতে পরিণত করব।

“মেয়র পদে প্রার্থী হওয়া ছাড়াও বিসিবিসহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে আমি গুরুদায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন থেকে জড়িত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। যেসব প্রতিষ্ঠানে আমি দায়িত্ব পালন করেছি সেসব প্রতিষ্ঠানে বেশুমার উন্নতি হয়েছে।”

এ জন্য নিজের সততা, সদিচ্ছা ও কর্তব্যনিষ্ঠাকে দায়ী করে নাছির বলেন, “আপনাদের মূল্যবান ভোটে আমি মেয়র হলে সেরকম সততা ও আন্তরিকতা দিয়ে বিদ্যমান নাগরিক সমস্যা সমাধান করব।”

গণসংযোগে নাছিরের সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

বিকালে মোহরা ওয়ার্ডের কামাল বাজার, কালুরঘাট, ওয়াসা মোড়, দেওয়ান মুন্সী রোড, মধ্য-পূর্ব ও পশ্চিম মোহরা, কাপ্তাই রাস্তার মাথা ও বিএফআইডিসি রোড এলাকায় গণসংযোগ করেন নাছির।