ইকবাল সোবহানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের পক্ষ থেকে।
বুধবার রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব এস ইউ এম নুরুল ইসলাম লিখিতভাবে এই অভিযোগ দেন।
এতে ইকবাল সোবহান চৌধুরীর মন্ত্রী পদমর্যাদায় সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, তিনি সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইকবাল সোবহান ভোটে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করার আহ্বান জানিয়ে বলেছিলেন, সাংবাদিক হিসেবে নিরপেক্ষ হলেও নাগরিক হিসেবে নিরপেক্ষ থাকতে পারি না।
উন্নয়ন আন্দোলন বলেছে, ইকবাল সোবহান ভোট চাওয়ার পাশাপাশি তার সঙ্গে থাকা ব্যক্তিরা মনজুর আলমের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্যও দিয়েছেন।
অভিযোগে যে সব সরকারি কর্মকর্তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণায় অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
