২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 07:33 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা উপাচার্যের অসৌজন্যমূলক আচরণ ও প্রশাসন পরিচালনায় অযোগ্যতার পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ আনেন।

গত সোমবার উপচার্য অমিনুল হক ভুইয়ার পদত্যাগ দাবি করে ৩৭টি প্রশাসনিক পদ ছাড়েন ৩৫ জন শিক্ষক, যাদের মধ্যে অধ্যাপক জাফর ইকবালও রয়েছেন।  

মানববন্ধনে পরিষদের যুগ্ম আহবায়ক মস্তাবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি (উপচার্য) শিক্ষকরেদর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। ওনার কিছু আর্থিক অনিয়ম ও নিয়োগে অস্বচ্ছতা রয়েছে।

তবে কোন কোন খাতে অনিয়ম সে বিষয়ে সুস্পস্ট কিছু জানাতে পারেননি মস্তাবুর রহমান।

তিনি বলেন, “উপাচার্য যদি বিশ্ববিদ্যালয়ের ভাল চান তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন বলে আমরা বিশ্বাস করি। অন্যথায় আমরা পদত্যাগপত্র তুলে নেব না।”

মানববন্ধনে মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক, আনোয়ারুল ইসলাম, মো. ইউনুস, আব্দুল গণি, মস্তাবুর রহমান, সৈয়দ শামসুল আলম, ফারুক উদ্দিন, মো. এমদাদুল হকসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

উপাচার্য অমিনুল হক ভুইয়া সাংবাদিকদের বলেন, “এতদিন পর্যন্ত শিক্ষকদের সঙ্গে নিয়েই এসব নিয়োগ দিয়েছি। অনিয়ম করলে তারা সাথে ছিলেন কেন?  তাছাড়া অভিযোগ করলে তা প্রমাণসাপেক্ষ হতে হয়। আমি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনেই নিয়োগ দিয়েছি।”

অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, একজন শিক্ষক হয়ে শিক্ষকদের প্রতি অশ্রদ্ধাশীল আচরণের প্রশ্নই আসে না।

পরিস্থিতি স্বাভাবিক করতে ডিনদের নিয়ে ৫ সদস্যার একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।