কালবৈশাখীতে ৯ জনের মৃত্যু
দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে নয় জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রয়েছে হবিগঞ্জে মা-ছেলেসহ ৩ জন, দিনাজপুরে এক শিশু, জামালপুরে এক তরুণী, কিশোরগঞ্জে এক স্কুলছাত্র, গাইবান্ধায় এক বৃদ্ধ এবং শেরপুরে বৃদ্ধ ও শিশু।
এছাড়া বিভিন্ন স্থানে ঘর ভেঙে, গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে ধানসহ বিভিন্ন ফসল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে অনেক স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হবিগঞ্জ প্রতিনিধি জানান, বানিয়াচং ও নবীনগর উপজেলায় ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে চাপায় এক গৃহবধূ ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
এরা হলেন- বানিয়াচংয়ের বাদাউড়ি গ্রামের ফজল মিয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূরজাহান বেগম (২২) ও তার ছেলে রবিন মিয়া (৪) এবং নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামের রমজান আলী ওরফে লাল মিয়া (৪০)।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, ভোররাতে ঝড়ে একটি কড়ই গাছ ভেঙে ফজলের টিনের ঘরের উপর পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই তার স্ত্রী ও ছেলের মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে পূর্ব তিমিরপুর গ্রামে গাছ ভেঙে ঘরের উপর পড়লে চাপা পড়ে লাল মিয়া আহত হন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর
চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামে দেয়াল চাপায় মারা যায় আল সাইদ নামে আড়াই বছরের এক শিশু।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে কিছু এলাকা।
চিরিরবন্দরের ভিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মতিউর রহমান জানান, মঙ্গলবার রাত ১১টার পর থেকে ঝড় শুরু হয়। এ সময় জয়পুর গ্রামে শিশু আল সাইদের মৃত্যু হয়।
তিনি জানান, ঝড়ে কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, লিচু ও আমসহ বিভিন্ন মৌসুমী ফল ঝরে পড়েছে। বোরো ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে এবং উপড়ে গেছে ফলসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ।
দিনাজপুর সদর ও বিরল উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।
ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী।
জামালপুর
মঙ্গলবার রাতে বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ঘর চাপা পড়ে এক তরুণী নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এছাড়া এ দুই উপজেলার নয় ইউনিয়ন ও এক পৌরসভায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন।
নিহত নিঝুম (১৮) বকশিগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মোকছেদ আলীর মেয়ে।
বকশিগঞ্জের ইউএনও নারগিছ পারভীন জানান, ঝড়ে উপজেলার সাত ইউনিয়ন ও পৌরসভার তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দেওয়ানগঞ্জের ইউএনও মো. সাইদুল ইসলাম জানান, উপজেলার দুই ইউনিয়নে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ
মঙ্গলবার রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আম আটি শিবপুর গ্রামে ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে এক স্কুলছাত্র নিহত হয়। আহত হন তার মা ও ভাই।
নিহত বাবুল (৫) স্থানীয় সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
আহতরা হলেন নিহতের মা গুলেছা বেগম (৪৫) ও ভাই শফিক (৬)।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাইবান্ধা
সাদুল্লাপুর উপজেলায় ভাতগ্রাম ইউনিয়নের গংগানারায়নপুর গ্রামে মঙ্গলবার রাতে গাছ চাপায় নিহত হন নবাব আলী মণ্ডল (৬০)।
এছাড়া সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, গোবন্দিগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় এক হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।
এছাড়া ঝড়ে গাছ উপড়ে বৈদ্যুতিক লাইনে পড়ায় রাত ১০ টা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে উঠতি বোরো ধান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়।
জেলা শহর থেকে চারটি দৈনিক পত্রিকার একটিও বুধবার প্রকাশ হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, এখনও তাদের কাছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান আসেনি। মাঠে কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, প্রচণ্ড ঝড় ও বৃষ্টিতে উঠতি বোরো ধান জমিতে শুয়ে পড়েছে। কলা ও ভুট্টার ক্ষতি হয়েছে ব্যাপক।
গাইবান্ধা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন শফি জানান, গাছ পড়ে বিদ্যুতের ৩৩ কেভি লাইন বিধ্বস্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে তা তিনি জানাতে পারেননি।
শেরপুর
মঙ্গলবার মধ্যরাতে নালিতাবাড়ীর তারাকান্দি গ্রামে ঘরের উপর গাছ চাপায় নিহত হন বৃদ্ধ কৃষক হায়দার আলী (৬০)।
এছাড়া শ্রীবরদী উপজেলার বাগহাতা গ্রামে নিহত হয় শিশু কাজলী (৯)।
বিভিন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ও বোরো ফসলেরও ক্ষতি হয়েছে।
রাত ১টা থেকে জেলার বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন দুজন নিহতের কথা নিশ্চিত করে বলেন, ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।
মৌলভীবাজার
মঙ্গলবার ভোররাতে সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বিকল্প ব্যবস্থায় সকাল ১১টা থেকে রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলার কিছু এলাকায় বিদ্যুত সরবরাহ চালু করা হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহা-ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ ও পরিচালন) পার্থ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক লাইনের উপর গাছপালা উপড়ে পড়ে তার ছিঁড়ে গেছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে।
তিনি জানান, মৌলভীবাজার সদরে বিদ্যুতের অর্ধশতাধিক ও শ্রীমঙ্গলে ৩-৪টি খুঁটি ভেঙে পড়েছে। কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ৩৩ কেভি বিদ্যুত লাইনের উপর অন্তত অর্ধশত গাছ উপড়ে পড়েছে।
