মাগুরা উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ মারা গেছেন।
রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
জেলা বিএনপির সহ-সভাপতি নাজিমউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
নাজিমুদ্দিনের চাচাত ভাই আবুল খয়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার আসরের নামাজের পর নাজিমুদ্দিনের জানাজা শেষে তার গ্রামের বাড়ি সদর উপজেলার সিরিজদিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
দীর্ঘদিন হাই স্কুলে শিক্ষকতা করায় মাগুরায় তিনি নাজিম মাস্টার হিসেবেও পরিচিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি একাধিকবার মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
