২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর তহবিল নিয়ে টিআইবির তথ্য ‘সঠিক নয়’

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ সংগ্রহ বিষয়ে টিআইবির দেওয়া তথ্য সঠিক নয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 11:14 PM

Updated : 25 Apr 2022, 01:16 PM

মঙ্গলবার টিআইবির ‘তৈরি পোশাক খাতে সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ: গত এক বছরে অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়েছে যে, রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিলে সংগৃহিত অর্থের পরিমাণ প্রায় ১২৭ কোটি টাকা। এর মধ্যে মাত্র ১৯ কোটি টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে, বাকী ১০৮ কোটি টাকা এখনও অব্যবহৃত রয়েছে।

অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “এই অর্থ পুরোটাই এসেছে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য। আমরা মনে করি এই অর্থ পুরোটাই তাদের মধ্যে বণ্টন করা উচিত।”

এরপর বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ফেইসবুক পেইজে বলা হয়, “টিআইবির এই বক্তব্য সঠিক না।”

সরকার প্রধানের ত্রাণ তহবিল প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, রানা প্লাজা দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান এসেছে। তবে রানা প্লাজা নামে কোনো তহবিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেই; ঐ নামে কোনো অনুদানের চেকও আসে নাই। ফলে রানা প্লাজা দুর্ঘটনার পর আলাদাভাবে কোনো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়ার রেকর্ড নেই।

প্রেস উইং থেকে আরো বলা হয়েছে, বিভিন্ন সময় নানাবিধ দুর্যোগ মোকাবেলাসহ দুঃস্থদের সাহায্যার্থে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ প্রদান করেন। এ তহবিল থেকে দুঃস্থ মানুষের চিকিৎসা, লেখাপড়া, গৃহ নির্মাণ, পরিবারের ভরণপোষণ ইত্যাদির জন্য নিয়মিতভাবে অর্থ-সাহায্য প্রদান করা হয়।

বিভিন্ন দুর্ঘটনায় যারা আয়-সক্ষমতা অথবা পরিবারের উপার্জনক্ষম সদস্য হারিয়েছেন, তাদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকা থেকে শুরু করে ৩০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে।  

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হিসাবটি সোনালী ব্যাংক, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্পোরেট শাখায় চালু আছে।