২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দানেশে ২ ছাত্র খুন: উপাচার্যের বিরুদ্ধে মামলা

হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 12:07 PM

মঙ্গলবার দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন নিহত ছাত্র মিল্টনের চাচা মকসুদার রহমান।

বিচারক নাজমুল হোসেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে আগামী ৬ মাসের মধ্যে ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও সরকারি দলের স্থানীয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার পুলিশ একটি মামলা রেকর্ড করে, যেখানে আসামির কোনো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে হামলাকারী বলে উল্লেখ করা হয়।

গত ১৬ এপ্রিল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে দু্ই ছাত্র মাহামুদুল হাসান মিল্টন ও জাকারিয়া নিহত হন, আহত হন অন্তত ১০ জন।

বাদীর আইনজীবী সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক এটিএম সফিকুল ইসলাম, অধ্যাপক আনিস খান, অধ্যাপক ফজলুল হকসহ ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজ্জব ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান জেমী, সদস্য নাহিদ আহম্মেদ নয়ন, বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও অজ্ঞাত ১০ বহিরাগত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা রাজনৈতিক প্রভাব বিস্তার, টেন্ডার নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায়ের নেতৃত্বে ভিসি বিরোধী আন্দোলন ঠেকাতে একজোট হয়ে ষড়যন্ত্র করে আসছিল।

গত ১৬ এপ্রিল রাতে মিল্টন ও জাকারিয়াকে হত্যাই এই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।

মামলায় ভিসিসহ শিক্ষকদের হুকুমদাতা, অন্যদের ইন্ধনদাতা ও ছাত্রসহ বহিরাগতদের হামলা ও হত্যায় অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান আইনজীবী সাইফুল। 

পুরনো খবর:

হাজি দানেশে সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনা তদন্তে কমিটি
দানেশে ছাত্র হত্যা: ৪ দিন পর মামলা