ঝিনাইদহে তরমুজ খাওয়ার পর অসুস্থ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সীমান্ত সংলগ্ন কোটচাঁদপুরে তরমুজ খাওয়ার পর একটি পরিবারের ১০ জন অসুস্থ হয়েছেন।
রোববার কোটচাঁদপুরের কাঁঠালে সুন্দরপুর গ্রামে এ ঘটনায় অসুস্থ সাত জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন গৃহকর্তা শরীফুল ইসলাম (২৮), তার ছেলে তাসমিম (২), মেয়ে সুমি (৪), শরীফুলের বোন শান্তা (৭), ভাই রোহান (৯), মা পারুল খাতুন (৫৫) ও স্ত্রী কল্পনা খাতুন (২৪)।
শরীফুল ইসলাম ডাক্তারদের জানিয়েছেন, সকালে কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ডের একটি ফলের দোকান থেকে একটি তরমুজ কেনেন তিনি।
বাড়ি নিয়ে খাওয়ার পর পরিবারের সবাই একে একে অসুস্থ হয়ে পড়েন।
তাদের বমি, পাতলা পায়খানা ও পেটে ব্যাথা শুরু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, তারা সকলেই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, চিকিৎসা চলছে। সুস্থ হতে সময় লাগবে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, তাদের বাড়ি কোটচাঁদপুর, কিন্তু তরমুজটি কেনা হয়েছে কালীগঞ্জ থেকে। তাই বিষয়টি তারা তদন্ত করছেন।
অসুস্থরা হাসপাতাল থেকে ফিরলে তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
