২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে 'বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে' কিশোর খুন

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি পহেলা বৈশাখে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এক বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে এসেছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

গাজীপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 12:06 PM

এ ঘটনায় জড়িত অভিযোগে আটক তিনজন ওই কিশোরকে হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাকিব হাসান (১৩) উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের সাদবিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি স্থানীয় কেএম (খিতিশ মোহন) ইনস্টিটিউটে নবম শ্রেণিতে পড়তেন।   

শ্রীপুর থানার এসআই সরোয়ার্দি হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পার্কের ভেতরে ঝুলন্ত সেতুর কাছের শালবন থেকে তার লাশ উদ্ধার হয়।

“শাকিবের অণ্ডকোষ থেঁতলানো ছিল এবং তার গলায় রশি প্যাঁচানো ছিল।”

আটকরা হলেন- ইমরান হাসান (২১), রবিন (১৬) ও আরমান (১৭)। এদের সবার বাড়িও উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের সাদবিলা গ্রামে।

ইমরান প্রায় ১০ বছর ধরে গাজীপুরের জয়দেবপুর থানার লক্ষ্মীপুরা বাজার এলাকায় দর্জির কাজ করেন। রবিন নিহত শাকিবের বন্ধু ছিলেন। একই এলাকার ছেলে আরমান লেখাপড়া করেন না।

উল্লাপাড়া থানার এসআই কামরুজ্জামান জানান, পহেলা বৈশাখের দিন রবিন শাকিবকে বেড়ানোর কথা বলে ওই সাফারি পার্ক এলাকায় নিয়ে যায় এবং পার্ক ফটকে ইমরান ও আরমানকে সঙ্গে নিয়ে চারজন ভেতরে ঢোকে।

“পরে গভীর বনে নিয়ে শ্বাসরোধে হত্যার পর শাকিবের মোবাইল ফোনের সিম ব্যবহার করে তার বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আরমান ও ইমরান।”

এ ঘটনায় সাকিবের বাবা উল্লাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন বলে জানান এই পুলিশ সদস্য।

এসআই কামরুজ্জামান বলেন, ওইদিন রবিনের সঙ্গে সাদবিলা গ্রামের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শাকিব। পরিবারের সদস্যরা রবিনের সঙ্গে বের হওয়ার বিষয়টি দেখেছিলেন। পরদিন রবিনকে একা দেখতে পেয়ে শাকিবের বাবা গোলাম মোস্তফা তাকে ধরে উল্লাপাড়া থানায় নিয়ে আসেন।

“পরে ওই কিশোর পুলিশকে জানায়, তারা দুই বন্ধু পহেলা বৈশাখের দিন সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে জয়দেবপুরে ইমরান ও আরমানের কাছে যায়। সেখান থেকে তারা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়াতে গিয়েছিল। এর পর ইমরানদের কাছে শাকিবকে রেখে সে একাই বাসায় চলে আসে।”

তিনি বলেন, এরপর রবিনকে নিয়ে জয়দেবপুরে গিয়ে ইমরান ও আরমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনজনের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে সাফারি পার্কের শালবনে তল্লাশি চালিয়ে শুক্রবার ভোরের দিকে শাকিবের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

এ ঘটনায় শুক্রবার বিকালে শাকিবের বাবা উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন বলে  জানান পুলিশ সদস্য কামরুজ্জামান।