চট্টগ্রামে হামলার পর যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় গণপিটুনিতে এক যুবক মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে মালিপাড়ায় নিহত মো. সাদ্দামসহ (৩৫) এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, নিহত সাদ্দামসহ স্থানীয় তপন সরকার, রতন সরকার, জাকির, এরশাদসহ কয়েকজন যুবক মালিপাড়ায় কালী মন্দিরের কাছে তিন থেকে চার মাস আগে ‘বঙ্গবন্ধু স্মৃতি সংসদ’ নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেন।
গণপূর্ত বিভাগের মালিকানাধীন সরকারি জায়গা দখলের জন্য তারা স্থানীয়দের উচ্ছেদের হুমকিসহ নানাভাবে হয়রানি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
অলক কান্তি দাশ নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় মুখোশপরা ১০ থেকে ১২ জন যুবক মালী পাড়া কালী মন্দিরে হামলা চালায়। মন্দিরে হামলা বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের ধাওয়া করে। একজনকে ধরে পিটুনি দেয়।
পরে মুখোশ খুলে যুবকের লাশটি সাদ্দামের বলে শনাক্ত করা হয়।
অলক আরও অভিযোগ করেন, গত সরস্বতী পূজায় সাদ্দামসহ স্থানীয় তপন সরকার, রতন সরকার, জাকির এরশাদ তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। এঘটনায় তারা খুলশী থানায় একটি জিডিও করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
কে বা কারা এর সাথে যুক্ত তা তদন্ত শেষে জানা যাবে বলেও তিনি বলেন।
