২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসের ধাক্কায় রিকশাভ্যান আরোহী এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয় জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 04:49 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

বুধবার ভোরে তালুক মন্দুয়ার শিমুলতলায় গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান।

নিহত মমিনুল ইসলাম (৩২) সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- সদরের চক গয়েশপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৩৪), জহুরুল ইসলাম (৩২), সর্দারপাড়ার আব্দুর রাজ্জাক (৩৫), বজলার রহমান (৪২) ও সাদুল্লাপুরের পাটানোছা গ্রামের রিকশাভ্যান চালক ময়নুল ইসলাম (৩০)।

ওসি লতিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদুল্লাপুরের খোর্দ্দরুহিয়া এলাকার একটি মেলা থেকে ভোরের দিকে কয়েকজন যুবক রিকশাভ্যানে করে ফিরছিলেন।

পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে সাদুল্লাপুরগামী ‘শাওন এন্টারপ্রাইজের’ একটি কোচ ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যান উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহত সাত জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এদের মধ্যে মমিনুল, রাজ্জাক ও শফিকুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মমিনুলের মৃত্যু হয়।