২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে তরুণীকে কুপিয়ে ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে কুপিয়ে তার মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

আহত আইরিন পারভীন ডায়না (৩০) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার ভোরে আদাবরের শেখেরটেক ৩ নম্বর রোড এলাকায় এঘটনা ঘটে।

আদাবর থানার এসআই ইসমাইল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইরিনকে কয়েক যুবক চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়। পরে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়।

ডায়নার বন্ধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক তানজির রহমান অনিম জানান, আইরিন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্য। সকালে ক্লাবের সদস্যদের সাথে তার সিরাজগঞ্জে বেড়াতে যাওয়ার কথা ছিল।

তানজির বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে বাসা থেকে বের হয়ে রাস্তায় নামলে একদল কিশোর প্রথমে তার মোবাইল ফোন কেড়ে নেয়। এর পর সঙ্গে থাকা ব্যাগও ছিনিয়ে নিতে চাইলে আইরিন বাধা দেয়।

“এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি তার পিঠে ও দুই হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।”

এ বিষয়ে আদাবর থানায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।