২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ডাচ বাংলার বুথে ডাকাতি

কুষ্টিয়া শহরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে ঢুকে নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে ভাংচুর চালিয়ে তিন লাখ টাকা লুট হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 02:08 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সোমবার রাত দেড়টার দিকে শহরের পাঁচরাস্তার মোড়ে ‘ফাস্ট ট্র্যাক’ বুথে এ ঘটনা ঘটে।    

ব্যাংকের দুই নৈশ প্রহরী কবির ও জামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

নৈশ প্রহরীদের বরাত দিয়ে ওসি খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুই দুর্বৃত্ত বুথের ভেতরে ঢুকে দুই প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ‘ক্যাশ ডিপোজিট’ ভেঙে লুটপাট চালায়।

যাওয়ার আগে তারা বুথের ১০টি সিসি ক্যামেরা, তিনটি এটিএম বুথসহ বেশ কিছু যন্ত্রাংশ ভাংচুর করে। পরে বাইরে থাকা অন্য সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়।

প্রহরীরাই পরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশকে খবর দেয় বলে ওসি আব্দুল খালেক জানান।  

তিনি বলেন, “নৈশ প্রহরীরা পুলিশকে জানিয়েছে, ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।”

ডাচ বাংলা ব্যাংকের ‘অল্টার্নেটিভ ডেলিভারি চ্যানেল’ এর কর্মকর্তা সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাশ ডিপোজিটে তিন লাখ ১৮ হাজার চারশ টাকা জমা ছিল। এর পুরোটাই লুট হয়েছে।”

ওসি আব্দুল খালেক জানান, ডাকাতদের সনাক্ত করতে তারা বুথের ক্লোজড সার্কিট ক্যামেরা পরীক্ষা করবেন।

পুলিশের পাশাপাশি র‌্যাব ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে ডাচ বাংলা ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান।