২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের কাউন্সিলরের ক্যাম্প থেকে টিভি জব্দ

চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প থেকে একটি টেলিভিশন জব্দ করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার সন্ধ্যায় নগরীর ৪১ নম্বর উত্তর পতেঙ্গা ওর্য়াডের নাজিপাড়ায় অবস্থিত কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ চৌধুরীর ক্যাম্প থেকে টেলিভিশনটি জব্দ করা হয় বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ওই ক্যাম্প থেকে টেলিভিশন জব্দ করা হয়।

বিধিমালা অনুসারে কোনো প্রার্থীর ক্যাম্প বা নির্বাচনী অফিসে কোনো টেলিভিশন, ভিসিআর, ভিসিডি, ডিভিডি ব্যবহার করা যাবে না।

এছাড়া ওই কাউন্সিলর প্রার্থী নিবার্চনী প্রচারে আঠাযুক্ত স্টিকার ব্যবহারের অভিযোগে নির্বাচন কমিশন তাকে কারণ দর্শাতে বলেছে।  

এদিকে নগরীর ২৮ নম্বর পাঠানটুরী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর কাদের ওরফে মাছ কাদেরকে নোটিস দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

রোববার কমিশন ওই এলাকায় আবদুল কাদেরের একটি নিবার্চনী তোরণ অপসারণ করে, যাতে মেয়র প্রার্থী আ জ ম নাছিরের ব্যানারও ছিল।