পাহাড়ে বৈসাবির বর্ণাঢ্য আয়োজন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বৈসাবি উৎসব শুরু হয়েছে, যাকে স্থানীয়রা সাংগ্রাইংপোয়েঃও বলে থাকে।
ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু মিলে হয় ‘বৈসাবি’।
বৈসাবির এবারের শ্লোগান হলো ‘সাম্প্রদায়িকতা-প্রতিহিংসা-অন্ধতার কালিমা ধুয়ে মুছে যাক মৈত্রী বারি বর্ষণের’।
মারমা অধ্যুষিত বান্দরবানে এ উৎসবের প্রধান আকর্ষণ হলো মৈত্রী পানি বর্ষণ খেলা, যা শুরু হবে মঙ্গলবার। এছাড়াও রয়েছে নানা আয়োজন।
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান পুরাতন রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চারদিনের এ উৎসব শুরু হয়।
শোভাযাত্রা রাজার মাঠ থেকে বের হয়ে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকীব আহম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য প্রমুখ।
এছাড়া নিজস্ব পোশাক পরিহিত বান্দরবানে বসবাসরত এগারটি আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষও অংশ নেন।
চারদিনের অনুষ্ঠানমালায় রয়েছে মঙ্গলবার দুপুরে সাংগু নদীতে বুদ্ধমমূর্তি স্নান, বুধবার ও বৃহস্পতিবার বিকাল ৩টায় পুরাতন রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের প্রথম দিন থেকে বয়োজ্যেষ্ঠরা বিহারে অষ্টশীল পালন করেন।
