ফেনীতে মাদ্রাসা থেকে পেট্রোল বোমা উদ্ধার
ফেনীর দাগনভূইয়ায় একটি মাদ্রাসা থেকে জামায়াত-শিবিরের ১১২ নেতাকর্মীকে আটক করার একদিন পর ২০টি পেট্রোল বোমা ও ১৪টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে ও সোমবার সকালে আশ্রাফিয়া উলুম মাদ্রাসায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
দাগনভূইয়া থানার ওসি আবুল ফয়সাল জানান, আলবদর নেতা কামরুজ্জামানের ফাঁসির পর জামায়াতের ডাকা সোমবারের হরতালে নাশকতার প্রস্তুতি নিতে রোববার রাতে আশ্রাফিয়া উলুম মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
খবর পেয়ে সদর ইউনিয়নের আমান উল্লাহপুর গ্রামের পাকিস্তান বাজারে এ মাদ্রাসা স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা ঘিরে রাখে বলে জানান ওসি।
খবর পেয়ে পুলিশ গিয়ে জামায়াত-শিবিরের ১১২ নেতাকর্মীকে আটক করে। পরে তাদের ফেনী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
ওসি আবুল ফয়সাল আরও জানান, সোমবার সকালে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে ২০টি পেট্রোল বোমা ও ১৪টি ককটেল উদ্ধার করে পুলিশ।
এদিকে আটক ১১২ জনের মধ্যে ৯৭ জনের নাম উল্লেখ করে দাগনভূইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান উদ্দিন বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেছেন।
আটক হওয়ার আগে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামরুজ্জামানের গায়েবানা জানাজা পড়ার জন্য রোববার বিকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই মাদ্রাসায় একত্রিত হয়েছিলেন।
ওই সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী তাদের মারধর করে। পরে পুলিশ তাকেসহ উপস্থিত নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।
