মাদকাসক্ত বাবার আছাড়ে প্রাণ গেল এক মাসের শিশুর
মৌলভীবাজার সদর উপজেলায় মাদকাসক্ত এক বাবা তার এক মাস বয়সী শিশুকে আছড়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির নাম লুৎফর রহমান হৃদয়। তাদের বাড়ি চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া গ্রামে। তার বাবা মশিউর রহমান রিপনকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
স্থানীয়দের বরাত দিয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন মাদকাসক্ত রিপন।
“এক পর্যায়ে সে বিছানায় ঘুমন্ত এক মাস বয়সী ছেলেকে কামড়ে দেয়। পরে তাকে মাটিতে আছাড়ে ফেলে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।”
এ সময় তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রিপনকে আটক করে পুলিশে খবর দেয় বলে জানান ওসি।
