একরাম হত্যা: মিনারের জামিন বাতিল, দুজনের স্থগিত
ফেনীর ফুলগাজীতে চাঞ্চল্যকর একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মিনার চৌধুরীর জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
এ মামলার আরেক আসামি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন চৌধুরীর জামিন স্থগিত করে তাকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলকে দেওয়া হাই কোর্টের জামিন স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত।
মিনার ও জাহিদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন দুটির শুনানি হয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।
মিনারের পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন মওদুদ আহমদ ও নিতাই রায় চৌধুরী।
চলতি বছর ২ মার্চ হাই কোর্ট মিনারের জামিন মঞ্জুর করে। আর জাহিদ হোসেন হাই কোর্ট থেকে জামিন পান গত বছর ১৮ অগাস্ট।
২৯ অক্টোবরের পর জাহিদ মুক্তি পান এবং চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাই কোর্ট তার জামিনের মেয়াদ বৃদ্ধি করে।
এসব আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) দুটি আবেদন করে। পরে চেম্বর আদালত হয়ে আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে আসে।
রোববার আপিল বিভাগের আদেশের পর মাসুদ হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিনার চৌধুরীর জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। জাহিদ হোসেনকে সাত দিনের মধ্যে ফেনীর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। তা না হলে তাকে গ্রেপ্তারে আইনগত কোনো বাধা থাকবে না।”
মামলার আরেক আসামি জাহাঙ্গীর কবির আদেলকে গত ৩০ মার্চ ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট। রাষ্ট্রপক্ষ তা স্থগিত করার জন্য চেম্বার আদালতে আবেদন করলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার তা মঞ্জুর করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন মাসুদ হাসান চৌধুরী। তিনি জানান, চেম্বার বিচারপতি চার সপ্তাহের জন্য আদেলের জামিন স্থগিত করেছেন।
গতবছর ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার সময় শহরের একাডেমী এলাকায় একরামুল হককে নিজের গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।
নিহতের বড় ভাই রেজাউল হক জসিম ওই দিনই ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন আহম্মদ চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০/৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর গতবছর ২৭ মে গোয়েন্দা পুলিশ ঢাকা থেকে মিনারকে গ্রেপ্তার করে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ৪ জুন তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।
এরপর হাই কোর্ট থেকে জামিন নিয়ে মিনার ১৭ জুলাই কারাগার থেকে মুক্তি পেলেও আপিল বিভাগ তাকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
এর মধ্যে মিনারকে প্রধান আসামি করে ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ফেনী পুলিশ। উচ্চ আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ না করায় মিনারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফেনীর আদালত।
গতবছর ২১ সেপ্টেম্বর এই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আবারও কারাগারে পাঠায় পুলিশ।
