প্রার্থীদের অযথা হয়রানি নয়: পুলিশকে সিইসি
বিএনপির দাবির প্রেক্ষাপটে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের অযথা হয়রানি না করতে পুলিশকে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ।
রোববার রাজধানীর কেআইবি কমপ্লেক্সে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
সরকারবিরোধী আন্দোলনের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনে আসার পর থেকে বিএনপি নাশকতার বিভিন্ন মামলায় তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি বন্ধ করতে ইসির পদক্ষেপ চেয়ে আসছে।
আদালতের বিষয়ে ইসির কিছুই করার নেই বলে সিইসি জানিয়ে আসছিলেন। পুলিশ বলে আসছে, যে সব প্রার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে, জামিন না থাকলে তাদের ছাড় দেওয়া হবে না।
এর মধ্যেই রোববারের মতবিনিময় সভায় উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিষয়টি তুলে বলেন, “২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা ঘরে থাকতে পারছেন না। রাস্তায় থাকতে পারছেন না।”
মেয়র প্রার্থী সিপিবি নেতা কাফি রতনও পুলিশি হয়রানি রোধের পদক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন।
সব প্রার্থীর কথা শোনার পর সিইসি বক্তব্যে আইন লঙ্ঘনকারীদের ছাড় না দিতে পুলিশকে নির্দেশ দেওয়ার পাশাপাশি বলেন, অযথা কোনো প্রার্থীকে হয়রানি যেন করা না হয়।
“কেউ যেন অযথা হয়রানির স্বীকার না হন, এটি খেয়াল রাখবেন। কোনো বেআইনি ঘটনা যেন না ঘটে, তার দিকে চোখ রাখুন।”
সিইসির বক্তব্যের সময় তাবিথ উপস্থিত ছিলেন না। নিজের বক্তব্য দিয়ে তার মতোই সভা থেকে বেরিয়ে যান এই সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
মতবিনিময় সভায় তাবিথ আউয়াল
সভা থেকে বেরিয়ে তাবিথ সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার সময় এই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযানের দাবিও জানান তিনি।
সেনা মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০ দলীয় জোটের আটক নেতা-কর্মীদের জামিনের ব্যবস্থা ও প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ করে ‘সবার জন্য সমান সুযোগ তৈরির’ দাবিও জানান তাবিথ।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ইসির তৎপরতার কথা তুলে ধরে কাজ রকিব বলেন, “স্বচ্ছভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে, জালিয়াতির সুযোগ নেই। পোলিং এজেন্ট, সাংবাদিকদের সামনে ভোট গণনা করা হবে এবং কেন্দ্রেই ফল প্রকাশ করা হবে।”
ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্র ও ভোট তথ্য এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সিইসি জানান।
একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ভোটারের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর চলে আসবে। এসএমএস পাঠানোর নম্বরটি ভোটের কয়েকদিন আগে সংবাদপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সভায় মেয়র প্রার্থীরা
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আপনারা দৃঢ়তা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করবেন।”
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য প্রার্থীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না।
মেয়র প্রার্থীরা গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, “সকলের নাম যেন প্রচারিত হয়, সেজন্য গণমাধ্যমকে অনুরোধ করব। সকলে যেন সমান সুযোগ পায়, এটি নিশ্চিত করতে গণমাধ্যম যেন সহযোগিতা করে।”
