লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
ট্রাকচাপায় লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন, আহত হন স্থানীয় আরেক নেতা।
রোববার দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসপুল এলাকায় এ দুর্ঘটনা নিহত হন সিহাব উদ্দিন মৃধা (২২)। তিনি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আহত হয়েছেন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাজিদ ইমতিয়াজ শাওন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। এছাড়া বেশকিছু গাড়িতে ভাংচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ জানান, ছাত্রলীগ নেতা সিহাব উদ্দিন মৃধা ও কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাজিদ ইমতিয়াজ শাওন মোটরসাইকেল নিয়ে রায়পুর থেকে দালালবাজার যাচ্ছিলেন।
রবিদাসপুল এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিহাবের মৃত্যু হয়।
ওসি আরেও বলেন, উত্তেজিত লোকজন ট্রাকটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। একই সময় রায়পুর বাস টার্মিনাল ও প্রধান সড়কে অন্তত ২০টি বাস, ট্রাক, পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ভাংচুর করে।
এক পর্যায়ে ছাত্রলীগ ও বাস শ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
ওসি বলেন, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশ লাঠিপেটা ও কয়েকরাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ওসি।
ওসি বলেন, ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রসত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিহাব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ চৌধুরী মৃধার ছেলে। তিনি পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা।
