মাগুরায় দুর্ঘটনায় শিশু ও গৃহবধূ নিহত
মাগুরায় দুটি সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রী ও এক গৃহবধূ নিহত হয়েছেন।
মাগুরা-যশোর সড়কের চারা বটতলা ও কাটাখালি এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাজেরা খাতুন (৯) ও রাশেদা বেগম (৩৫)।
সদর থানার ওসি মুন্সি আছাদুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে বাবার সঙ্গে বাইসাইকেলে মাদ্রাসা থেকে নরসিংহাটী গ্রামে বাড়ি ফিরছিল হাজেরা।
কাটাখালি এলাকায় একটি দ্রুতগামী যান তাদের ধাক্কা দিলে হাজেরা ঘটনাস্থলে নিহত হয়।
এ সময় গুরতর আহত হন তার বাবা দাউদ হোসেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজেরা মাগুরা সদরের ভিটাসাইর মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
ওসি আরও জানান, দুপুর ২টার দিকে চারা বটতলা এলাকায় বাসের ধাক্কায় রাশেদা বেগমের বাড়ি নওগা জেলায়।
ওসি বলেন, এক আত্মীয়ের মোটরসাইকেলে করে তিনি মাগুরা থেকে নিজ গ্রাম বড়শলই যাচ্ছিলেন।
পথে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাশেদা বেগম ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে, এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন বলে জানান ওসি।
