২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক ভাংচুর, ছাত্রাবাসে আগুন

সিরাজগঞ্জের কামারখন্দে একটি ট্রাকে ভাংচুর এবং উল্লাপাড়ায় একটি ছাত্রাবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 04:19 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

শনিবার মধ্যরাতে এ দুটি ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি হেলাল উদ্দিন জানান, নারায়ণগঞ্জ থেকে নাটোরগামী কয়লাবোঝাই একটি ট্রাক কামারখন্দের বানিয়াগাতি এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাতে ঢিল মারে।

এরপর ট্রাকটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে সেটির সামনের অংশ ভাংচুর করে তারা।  

খবর পেয়ে মহাসড়কে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ওসি হেলাল বলেন, এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রাত পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার পরিদর্শক দিয়ানাতুল ইসলাম জানান, মধ্যরাতে উল্লাপাড়া শহরের ঝিকিরা পাট বন্দরের পাশে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা একটি ছাত্রাবাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এতে ওই ছাত্রাবাসের বেশ কয়েকটি চৌকি ও আসবাবপত্র পুড়ে যায়।

তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।

ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা ওই ছাত্রাবাসে উল্লাপাড়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ভাড়ায় বসবাস করেন বলে স্থানীরা জানিয়েছেন।