মহেশখালীতে ডাকাতের গুলিতে যুবক নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাতের গুলিতে এক যুবক নিহত হয়েছেন, আহত হন দুই জন।
শনিবার গভীর রাতে শাপলাপুর জনতা বাজার সড়কের কালমাদিয়ার ঢালায় এ ঘটনায় নিহত হন মিজানুর রহমান (২৫)।
মিজানুর রহমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরবেশহাট সওদাগরপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
আহতরা হলেন একই এলাকার নুরুল হক (৩৩) ও ট্রাক চালক মোহাম্মদ ইলিয়াছ (৩০)। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ তিনজন একটি মিনি ট্রাকে করে যাওয়ার সময় কালমাদিয়ায় একদল ডাকাত ট্রাকটির গতিরোধ করার চেষ্টা করে।
এ সময় ট্রাক চালক দ্রুতগতিতে চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে ডাকাত দল এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তিনজনই গুলিবিদ্ধ হন।
ওসি আরও জানান, এ তিনজনকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি থানা হেফাজতে রয়েছে এবং হামলাকারী ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
