সুমাইয়াকে ভোটের সুযোগ দেওয়ার নির্দেশ
ঢাকা দক্ষিণের একটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া একজনকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে বলেছে হাই কোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
হলফনামায় সই না থাকায় ঢাকা দক্ষিণের ১৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতার আবেদন বাতিল হয়েছিল সুমাইয়া বেগমের। পরে ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেও বিফল হয়ে হাই কোর্টে আসেন তিনি।
নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে তার করা রিটের শুনানি করে গত বৃহস্পতিবার কমিশনারকে তলবের পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানাতে একটি রুল জারি করে আদালত।
সকালে আদালতে উপস্থিত হয়ে ‘অনিচ্ছাকৃত’ ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চান কমিশনার জিল্লার রহমান।
শুনানির পর তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত।
কমিশনারের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন মো. শাহজাহান।
পরে আমাতুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভাগীয় কমিশনার চার দিনে ১৭৮টি আপিল নিষ্পত্তি করেছেন। ওই ধরনের ভুল নিয়ে ২৮টি আপিল ছিল। তার মধ্যে শুধু উনারটা (সুমাইয়া) বাদ পড়ে। তবে এটা ইচ্ছাকৃত নয়।”
অ্যাডভোকেট শাহজাহান বলেন, “ওই ভুলের জন্য উনি নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। সুমাইয়া বেগমকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোশেন নির্বাচনে ঢাকা দক্ষিণ মেয়র পদে ২০ জন, ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮৭ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৫ জন প্রতিদ্বন্দ্বী করছেন।
যাচাই-বাছাই শেষে গত শুক্রবার প্রতীক পেয়ে গেছেন প্রার্থীরা। তার তিন দিন আগে থেকেই শুরু হয়েছে প্রচারণা।
