অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে কোনো ছাড় নয়: সিইসি
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
শনিবার সকালে নগরীর ‘হল-২৪’ কনভেনশন হলে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
কাজী রকিবউদ্দীন বলেন, দৃঢ়তার সাথে ঘোষণা করছি, সিসিসি নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।
“জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানে সময়মত নির্বাচন খুব জরুরি। সিসিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে সময়মতো নির্বাচন অনুষ্ঠানের রীতি প্রতিপালিত হয়ে আসছে বলে আমরা খুশি।”
আইন মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে কাজী রকিবউদ্দীন বলেন, নির্বাচনের প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন, আদালতেও যেতে পারবেন।
“আইন ভঙ্গ করে নিজেকে বিপদগ্রস্ত করবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছি- ভোটাররা যাতে সুস্থ আনন্দমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করুন।”
কাজী রকিবউদ্দীন বলেন, “এখন খুব স্বচ্ছ ব্যবস্থা, স্বচ্ছ ব্যালট বাক্স। সিল থাকে খোলা যায় না। এজেন্ট ও গণমাধ্যমের সামনে উন্মুক্ত পরিবেশে গণনা করা হয়।”
‘চাঁন রাতে’ মানা
মতবিনিময় সভায় একজন মেয়র প্রার্থী ও কয়েকজন কাউন্সিলর প্রার্থী ভোটগ্রহণের আগের রাতকে ‘চান রাত’ আখ্যায়িত করেন।
ইসলামী ফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, “নির্বাচনের আগের রাত না কি চান (চাঁদ) রাত। কোটি কোটি টাকা নাকি লেনদেন হয়। এই চাঁন রাত বন্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
এ বিষয়ে বক্তব্যে কাজী রকিবউদ্দীন বলেন, চট্টগ্রামে চাঁদ রাত যেন না হয়। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম যেন নির্বাচনে তার ঐতিহ্য বজায় রেখে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। ভোট বেচাকেনা বা কোনো রকম টাকার বিনিময় যেন না হয়।
কাউন্সিল প্রার্থীদের মধ্যে এরশাদ মামুন বলেন, “আমার এলাকায় ১১ মামলার এক আসামি প্রার্থী হয়েছেন। তার লোকজন প্রচারে যাওয়া লোকদের প্রতিদিন মারধর করছে।”
আরেক কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, “গত দুই দিন ধরে এলাকায় প্রচার করা হচ্ছে ভোট আমাকে দেওয়া হলেও নিয়ে নেওয়া হবে। সাংসদ যেন শুধু ভোট দেন, নির্বাচনের কোনো কাজে সংশ্লিষ্ট না হন।”
এছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থী তাদের এলাকায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে বলে দাবি করেন।
বেশ কয়েকজন নারী কাউন্সিলর প্রার্থী তাদের প্রতীক নিয়ে আপত্তি জানান।
সিইসি বলেন, কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে দেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। তাৎক্ষণিক ব্যবস্থা পাবেন।
নারী কাউন্সিলরদের উদ্দেশ্যে সিইসি বলেন, প্রতীক পরিবর্তনের সুযোগ এবার আর নেই। ভবিষ্যতে যাতে আরও উন্নত প্রতীক হয় তা দেখব।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
