২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মন্দিরে ভাংচুর-অগ্নিসংযোগ

বাগেরহাটের মোল্লাহাটে একটি দুর্গা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার ভোরে উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাঠাজোড়া গ্রামের বিশ্বাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতের কোন এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে তাতে অগ্নিসংযোগ করে। এতে দুর্গাসহ বেশ কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমৃত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্ত্তিক ও অসুরের প্রতিমা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।

“ভোরের দিকে আমরা মন্দিরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে আগুন নেভাই।”

ওসি খায়রুল বলেন, “সম্প্রতি মন্দিরের জায়গাসহ ২০ শতাংশ জমি কেনাবেচা নিয়ে চিতলমারী উপজেলার রাসেল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।

“ওই বিরোধের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”