২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মন্দিরে হামলা, লাখ টাকার তরমুজ ক্ষেত লণ্ডভণ্ড

বরগুনার আমতলীতে গভীর রাতে একটি মন্দিরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

একই সঙ্গে এক ব্যক্তির ঘর-বাড়ি ভাঙচুর করে তার লাখ টাকা মূল্যের তরমুজ ক্ষেতে তাণ্ডব চালিয়েছে তারা।

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের ছালাম নামে এক ব্যক্তিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রামবাসীরা জানান, শুক্রবার বিকেলে একটি সালিশ বৈঠকে উত্তর টেপুরা গ্রামের ছালাম ও শংকরের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় ছালাম উত্তেজিত হয়ে শংকরকে দেখে নেওয়ার হুমকি দেয়।

রাত আনুমানিক ৩টার দিকে ছালামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী প্রথমে শংকরের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। সন্ত্রসীরা রামদা দিয়ে ঘরের দরজা-জানালা কেটে ফেলে।  এসময় ঘরের নারী এবং শিশুরা ভয়ে ঘরের বাইরে এসে আশ্রয় নেয়।

পরে সন্ত্রাসীরা নমিতা দাসীর বাড়িতে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে দরজা জানালা ও বেড়ার টিন কেটে ফেলে।

মন্দিরের সেবায়েত নমিতা দাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরে হামলা চালিয়ে সন্ত্রাসীরা একটি রাধা গোবিন্দের প্রতিমা নিয়ে গেছে।

এরপর সন্ত্রাসীরা শংকরের তরমুজ ক্ষেতে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায়। তারা শত শত আধা পাকা তরমুজ কুপিয়ে নষ্ট করে ফেলে।

শংকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামান্য ঘটনার জের ধরে ছালামের নেতেৃত্বে সন্ত্রাসীরা আমার এতো বড় সর্বনাশ করতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি।

“সন্ত্রাসীরা প্রথমে আমার ঘরে হামলা করে মালামাল লুট করে। ওই সময় আমি ঘরে ছিলাম না, তরমুজ ক্ষেতে ছিলাম। সন্ত্রীদের আসা টের পেয়ে আমি ক্ষেতের একটু দুরে গিয়ে অবস্থান নেই।

ভেঙে পড়া কণ্ঠে শংকর বলেন, “ছালামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের সন্ত্রাসী বাহিনী আমার প্রায় ১২ বিঘা জমির ৩ লাখ টাকা মূল্যের তরমুজ নষ্ট করে। আমি এত বড় ক্ষতি কি করে কাটিয়ে উঠব।”

ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে সকালে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন, মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও আমতলী থানার ওসি সুকুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আমতলী থানার ওসি সুকুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছালাম মৃধা, পরান, লোকমান চৌকিদার, ছালামের স্ত্রী রহিমা বেগম ও তার ছেলের বউ রাশেদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শংকরের যে ক্ষতি হয়েছে তার জন্য পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।