শ্রীপুরে দুর্ঘটনায় আনসার সদস্য ও প্রকৌশলীর স্ত্রী নিহত
গাজীপুরের শ্রীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্য ও এক প্রকৌশলীর স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মাওনায় যাত্রীবাহী বাসচাপায় নিহত হন গৃহবধূ শাম্মী আক্তার চুমকি (২১)।
তিনি স্থানীয় ‘সামিট উত্তরাঞ্চল পাওয়ার লিমিটেডের’ প্রকৌশলী রাসেল পারভেজের স্ত্রী।
মাওনা মহাসড়ক থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে লেগুনা থেকে নামার পর চুমকিকে ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্বজনদের আবেদনে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এমসি বাজারের কাছে একই ধরনের দুর্ঘটনায় নিহত হন আনসার সদস্য আমিনুল ইসলাম। তিনি স্থানীয় টেপিরবাড়ি এলাকার মৃত সরাফত আলীর ছেলে।
গাজীপুর জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাইফুর রহমান জানান, শুক্রবার রাতে এমসি বাজারের কাছে মহসড়কে টহলরত অবস্থায় ময়মনসিংহগামী ‘সোনার বাংলা পরিবহনের’ একটি বাস আমিনুলকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়নাতদন্তের পর তার লাশ সকালে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া বলে জানান এই আনসার কর্মকর্তা।
