২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফাঁসিতে বিলম্ব অপরাধীকে বাঁচিয়ে রাখারই উপায়’

যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড এখনও কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

এ ঘটনাকে ‘অপরাধীকে বাঁচিয়ে রাখার একটি উপায়’ হিসেবেও দেখছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত।

মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ার পাঁচ দিনের মাথায় শুক্রবার তার দণ্ড কার্যকরের প্রস্তুতি নেওয়া হলেও পরে তা হয়নি।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের দণ্ড কবে/কখন কার্যকর করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সরকার ও কারা কর্তৃপক্ষ।

এ নিয়ে অসন্তোষ জানিয়ে শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, “আমি মনে করি, এটা অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায় আর কি।”

দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়ে তিনি বলেন, “অবিলম্বে রায় কার্যকর করে পাপমোচন করা হোক।”

কামারুজ্জামানের প্রাণভিক্ষা নিয়ে ‘অযথাই সময় নষ্ট’ করা হয়েছে বলেও মনে করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “তেতাল্লিশ বছরেও যারা ক্ষমা চায়নি তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রত্যাশা করা বাতুলতা মাত্র।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“৪৩ বছরে যাদের ক্ষমা চাওয়ার রিজনেবল টাইম হয় নাই, তারা তিন দিনে কী ক্ষমা ভিক্ষা করবে? যার ৪৩ বছরে সময় হয় না, তার ৪৩ মিনিটে হবে না, এমনকি ৪৩ হাজার বছরেও হবে না।”

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে ময়মনসিংহের আলবদর কমান্ডার কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে সেখানেও তার সর্বোচ্চ শাস্তি বহাল থাকে।

সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য কামারুজ্জামানের আবেদন গত সোমবার খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ। কারা কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা ওইদিনই কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

এরপর বুধবার দুপুরে রায়ে বিচারপতিদের সইয়ের পর তা কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ ওই রায় পড়ে শোনায় ফাঁসির আসামি কামারুজ্জামানকে। শুরু হয় দণ্ড কার্যকরের আগে আসামির প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা। 

কিন্তু প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান কত সময় পাবেন সে বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে অস্পষ্টতা থাকায় চলতে থাকে নানা আলোচনা।

নিয়ম অনুযায়ী একজন ফাঁসির আসামি প্রাণভিক্ষার আবেদন করলে কারা কর্তৃপক্ষ তা রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতি সে অনুযায়ী সিদ্ধান্ত দেন। আসামি আবেদন না করলে বা তার আবেদন খারিজ হয়ে গেলে সরকারের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করে।    

এর আগে যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লা প্রাণভিক্ষার সুযোগ না নেওয়ায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিভিউ খারিজের দিনই ফাঁসি কার্যকর করা হয়।   

কামারুজ্জামান অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না- বুধবার তার কাছে তা জানতে চায় কারা কর্তৃপক্ষ। সে সময় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে চান।

সে অনুযায়ী আইনজীবীরা বৃহস্পতিবার তার সঙ্গে দেখা করে সাংবাদিকদের বলেন, কামারুজ্জামান ভেবে দেখার জন্য ‘রিজনেবল’ সময় চেয়েছেন।  

প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামানের সিদ্ধান্ত জানতে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম।

তাদের কাছে কামারুজ্জামান কী সিদ্ধান্ত জানিয়েছেন কর্তৃপক্ষ তা প্রকাশ করেনি।

তবে সন্ধ্যার পরে কারাগারের সামনে বাড়তি নিরাপত্তা দেখা যায়। ভিতরে নেওয়া হয় বাঁশ, কার্টন, ত্রিপল ও প্রায় ৪০টি চেয়ার, যেগুলো এর আগে আরেক যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির সময়ও নেওয়া হয়েছিল।

এসব আয়োজন দেখে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ভাবনা শুরু হয় মানুষের মধ্যে।

তবে শেষ পর্যন্ত রাত ১০টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আরও অপেক্ষার ইংগিত দেন।

শনিবার ফাঁসি কার্যকর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন,“সেটা কাল দেখা যাবে।”

পুরনো খবর:

এক দিনের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের