২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলরঙে ছাপচিত্রের প্রদর্শনী

একঝাঁক তরুণ শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম নিয়ে রাজধানীর সাহারা ট্রপিক্যাল সেন্টারে শুরু হয়েছে পক্ষব্যাপী ছাপচিত্র প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 04:56 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শুক্রবার বাংলাদেশ ইন্সিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর মহাপরিচালক কে এ এস মুর্শিদ ‘জলরঙে ছাপচিত্র’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীর আয়োজক মনোভূমি আর্টস্পেসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১০ থেকে ১৫ মার্চ নিজস্ব স্টুডিওতে জলরঙে ছাপচিত্র বিষয়ক কর্মশালার আয়োজন করে মনোভূমি। এতে অংশ নেওয়া ২৯ জন শিল্পীর একটি করে নির্বাচিত চিত্রকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রদর্শনীর কিউরেটর শিল্পী সৈয়দ হাসান বলেন, প্রকৃতি, রাজনীতি, সমাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এসব ছাপচিত্রে স্থান পেয়েছে।

উদ্বোধনী বক্তব্যে কে এ এস মুর্শিদ বলেন, “বাংলাদেশে জলরঙে ছাপচিত্র আঁকার প্রচলন খুবই কম। এ ধরনের প্রদর্শনী ছাপচিত্রের বিকাশে সহায়ক হবে।”

প্রদর্শনীতে অংশ নেওয়া ২৯ শিল্পীর মধ্যে সৈয়দ হাসান মাহমুদ, আতিয়া ইসলাম এ্যানি, শহিদ আহমেদ মিঠু, জেমরিনা হক, ফারজানা ইসলাম মিল্কি, মুক্তি ভৌমিক, মাসুদুর রহমান, ইসরাত জাহান ককন ও জাহিদ হোসাইন রয়েছেন।

১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সাহারা ট্রপিক্যাল সেন্টারের তৃতীয় তলায় এ প্রদর্শনী চলবে বলে আয়োজকরা জানান।